
সুনামগঞ্জের মধ্যনগরে আকস্মিক ঝড়ে লন্ডভণ্ড বসতঘর, আহত ৩
সুনামগঞ্জ প্রতিনিধি,শেখ আনোয়ার হোসাইন ,
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বেশ কিছু বসতঘর লন্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন এবং খোলা আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে হঠাৎ করে পুরো এলাকায় তীব্র ঝোড়ো বাতাস শুরু হয়। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঝড়টি আমানীপুর গ্রামসহ আশপাশের এলাকায় তাণ্ডব চালায়। এতে ৬টি বসতঘরের টিনের চাল উড়ে যায় এবং কাঁচা ঘরবাড়ির বেড়া ধসে পড়ে। বাতাসে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।
ঝড়ের সময় ঘরে থাকা বাসিন্দারা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে মাথায় ও শরীরে আঘাত পান। আহত দু’জন পুরুষ ও এক নারীকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত মানিক সরকার ও মনিন্দ্র সরকার জানান, ঝড়ে তাদের ঘরের সমস্ত আসবাবপত্র ও ঘরে রাখা ধান-চাল নষ্ট হয়ে গেছে। সহায়-সম্বল হারিয়ে তারা এখন বড় ধরনের খাদ্য ও অর্থসংকটে পড়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
Leave a Reply